আজকাল ওয়েবডেস্ক: উত্তর কলকাতার গঙ্গা তীরবর্তী ঘাট যেন আজ কলকাতার জলমগ্নের ইতিহাস নিয়ে বয়ে চলে। একেকটি ঘাটের নিজস্ব একটি বৈশিষ্ট্য যা ঘাটের উল্টো দিকের বাড়িগুলোর সঙ্গে মিলে মিশে এক ইতিহাসের সাক্ষ্য বহন করে চলেছে। আর তার মধ্যে বিশেষ একটি ঘাট কুমোরটুলি ঘাট। আর সেই ঘাটেরই পুরো ছবি বদলে যেতে চলেছে চলতি মাসেই।
দুর্গাপুজোর আগেই নতুন রূপে আত্মপ্রকাশ করতে চলেছে কলকাতার ঐতিহ্যবাহী এই কুমারটুলি ঘাট। প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে গঙ্গার পাড়ের এই ঘাট এবং সংলগ্ন প্রায় ৩০০ মিটার এলাকা সাজিয়ে তোলার কাজ চলছে। প্রকল্পটির দায়িত্বে রয়েছে আদানি গোষ্ঠী। প্রশাসন সূত্রে খবর, সবকিছু পরিকল্পনামাফিক এগোলে আগামী ২৪ সেপ্টেম্বর নতুন ঘাটের উদ্বোধন হতে পারে। অনুষ্ঠানে আদানি গোষ্ঠীর চেয়ারম্যান গৌতম আদানির উপস্থিত থাকার কথা।
ADVERTISEMENT
কুমারটুলি থেকে চাঁপাতলা ঘাট পর্যন্ত এলাকায় তৈরি হচ্ছে প্রশস্ত ওয়াকওয়ে, বসার জায়গা, ফুড পার্ক এবং পৃথক বোটিং জোন। থাকছে মৃৎশিল্পীদের জন্য আধুনিক প্রদর্শনশালাও। সেখানে সারা বছর কুমারটুলির শিল্পীদের তৈরি প্রতিমা ও মৃৎশিল্প প্রদর্শনের ব্যবস্থা থাকবে। ফলে শিল্পীদের কাজের নতুন বাজার তৈরি হওয়ার পাশাপাশি পর্যটকদের কাছেও কুমারটুলির আকর্ষণ বাড়বে।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, প্রায় এক বছর আগে প্রকল্পটির পরিকল্পনা তৈরি হলেও রাজ্যে নতুন সরকার আসার পরে নতুন করে শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দর কর্তৃপক্ষ এবং আদানি পোর্টস অ্যান্ড স্পেশাল ইকোনমিক জোন লিমিটেড-এর মধ্যে সমঝোতাপত্র স্বাক্ষরিত হয়। আর তারপরই শুরু হয়েছে এই নতুন সংস্কারের কাজ।
সৌন্দর্যায়নের পাশাপাশি কুমারটুলির ঐতিহ্য রক্ষাতেও জোর দেওয়া হচ্ছে। পুরনো মন্দির, ঐতিহাসিক স্থাপত্য ও সাবেকি বাড়ির চরিত্র অক্ষুণ্ণ রেখেই উন্নয়নের কাজ চলছে। প্রশাসনের লক্ষ্য, কুমারটুলিকে ভবিষ্যতে আন্তর্জাতিক মানের সাংস্কৃতিক ও পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা। দুর্গাপুজোর আগে নতুন ঘাটের উদ্বোধন সেই পরিকল্পনারই প্রথম বড় পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।