প্রকাশ মণ্ডল: গাছ লাগান, প্রাণ বাঁচান। সেইসঙ্গে রক্ষা করুন অরণ্য। পরিবেশ সচেতনতার বার্তা দিতে ৭৬তম বর্ষে সাত হাজার চাড়া গাছ দিয়ে মণ্ডপ তৈরি করে জেলায় নজর কাড়ল আলিপুরদুয়ার স্বামীজি ক্লাব বেলতলা। দীর্ঘ প্রায় ছয় মাস আগে আলিপুরদুয়ার শহর সংলগ্ন ঘাগরা এলাকায় একটি নার্সারিতে ৩৭ রকমের গাছের চাড়া রোপণ করা হয়। প্রতিদিন সেই চারাগাছগুলির যত্ন নেন নার্সারির মালিক থেকে শুরু করে ক্লাবের সদস্যরা। ডেসিনা, ফিকাস, রাবার গাছ, পাম গাছ, লাভা প্ল্যান্ট, মানি প্ল্যান্ট-সহ মোট ৩৭ ধরনের গাছ দিয়ে এই মণ্ডপ সাজিয়ে তোলা হয়। এছাড়াও মণ্ডপ তৈরিতে পাট শোলা ও বাঁশের ব্যবহার করা হয়েছে। প্রায় ২০ লক্ষ টাকা ব্যয়ে চার মাসের পরিশ্রমে এই মণ্ডপ তৈরী করা হয়েছে। মণ্ডপে কোনো ধরনের প্লাস্টিক ও সিনথেটিক জাতীয় জিনিস ব্যবহার না করে পরিবেশ সচেতনতার এক অভিনব বার্তা দিয়েছেন পূজা উদ্যোক্তারা।
আর শুধু এখানেই শেষ নয়, মণ্ডপে পূজিতা দুর্গামূর্তিও গাছের পাতা দিয়ে তৈরি করা হয়েছে। এবছর বিশ্ব বাংলা শারদ উৎসবে জেলার সেরা পরিবেশ সচেতনতার পুরস্কার পেয়েছে এই দুর্গাপুজো।
