গোপাল সাহা, কলকাতা: শহর থেকে জেলা প্রতিটি জায়গায় বাঙালির প্রিয় উৎসব দুর্গাপূজা। শরৎকাল এলেই যেন মনটা আকুপাকু করে, কখন মা আসবেন সপরিবারে। আর আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে মেতে উঠব মাতৃ আরাধনায় শারদ উৎসবে। আর এই শারদ উৎসবে শহর কলকাতায় চোখ বাঁধানো আলোর ঝলকানি, আর বিভিন্ন রকমারি থিমের সাজসজ্জা আরও যেন রঙিন করে তোলে। আর সেই আলোর ঝলকানি ও থিমের সাজ সজ্জায় শহর কলকাতার দক্ষিণ ভাগে ত্রিধারা সর্বজনীন দুর্গোৎসবের মন্ডপসজ্জা মাথা উঁচু করে দাঁড়িয়ে বহু ইতিহাসের সাক্ষী বহন করছে।
শুধু তাই নয়, বাংলার ইতিহাসে প্রাচীন দুর্গোৎসবের মধ্যে এই ত্রিধারা সর্বজনীন দুর্গোৎসব তাদের মধ্যে একটি। ১৯৪৭ সালের দেশ মায়ের শৃঙ্খল মোচনের পাশাপাশি মাতৃ আরাধনায় অঙ্গীকারবদ্ধ হয়েছিলেন এই ত্রিধারা সার্বজনীন দুর্গোৎসব। আর সেই ধারা ৭৯ বছর ধরে বহন করে আসছেন এই ত্রিধারা দুর্গোৎসব কমিটি। শহর কলকাতার বহু ইতিহাসের সাক্ষী বহন করছে এই ত্রিধারা সর্বজনীন দুর্গোৎসব। আর একই সঙ্গে সেই ঐতিহ্যের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন ত্রিধারা দুর্গোৎসব কমিটির সকলের প্রিয় সাধারণ সম্পাদক তথা বিধায়ক দেবাশীষ কুমার। আর এবার এই ত্রিধারা তাদের মাতৃ আরাধনায় পুরনো সংস্কৃতিকে স্থান দিয়ে এবং সেই সংস্কৃতিকে স্মৃতিচারণের জন্য থিমের নাম রেখেছেন 'ফিরে দেখা'।