আজকাল ওয়েবডেস্ক: আসন্ন উৎসবের মরশুম। দুর্গাপুজোর শুরুর হতে হাতে আর দেড় মাসের সামান্য বেশি সময়। তার আগেই দেশের বাজারে হু হু করে বাড়ছে পেঁয়াজের দাম। ফলে ফের একবার সাধারণ মানুষের হেঁশেলে টান পড়তে শুরু করেছে। গত বছরের তুলনায় চলতি বছরে পাইকারি ও খুচরা বাজারে পেঁয়াজের দাম দ্বিগুণের কাছাকাছি পৌঁছেছে। কেন্দ্রীয় সরকারের তথ্য অনুযায়ী, গত এক মাসে খুচরা বাজারে পেঁয়াজের দাম প্রায় ১৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এ দিকে গত এক বছরে এই ব্যবধানে প্রায় ৪৫ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে বলে জানা গিয়েছে। দিল্লি এবং চেন্নাইয়ের মতো বড় শহরগুলিতে খুচরা বাজারে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬৫ থেকে ৫৮ টাকা দামে।
সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মার্চ-এপ্রিল মাসে যে রবি শস্য তোলা হয়, তা সাধারণত অক্টোবর মাস পর্যন্ত দেশের মানুষের চাহিদা মেটায়। কিন্তু চলতি বছর সেই মজুত শেষের পথে। ফলে নতুন ফসলের চাহিদা বেড়েছে। মহারাষ্ট্রে মার্চ ও এপ্রিল মাসে অসময়ে বৃষ্টি এবং শিলাবৃষ্টির কারণে দেরিতে রবি ফসলের ফলন হয়। যার ফলে মজুত করা পেঁয়াজ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া, এ বছর বর্ষার আগমনে দেরি হওয়ায় মহারাষ্ট্রের নাসিক ও অন্যান্য অঞ্চলে খরিফ শস্যের ফলন পিছিয়ে গিয়েছে। যার ফলে বাজারে হঠাৎ জোগানে ঘাটতি দেখা দিয়েছে।