চুল রুক্ষ, শুষ্ক ও প্রাণহীন হয়ে গিয়েছে? বাইরে গিয়ে পার্লারে হেয়ার স্পা করানোর সময় বা সুযোগ নেই। এদিকে পুজো তো এগিয়ে আসছে!তাহলে উপায়? কয়েকটি সাধারণ জিনিস ব্যবহার করে বাড়িতেই করে নিতে পারেন হেয়ার স্পা। নিয়মিত যত্নে চুল নরম, মসৃণ ও সহজে ম্যানেজ করা সম্ভব। বিশেষ করে চুল অতিরিক্ত শুষ্ক বা রুক্ষ হলে ডিপ কন্ডিশনিং বেশ উপকারী হতে পারে।
হেয়ার স্পা মানেই শুধু শ্যাম্পু করে কন্ডিশনার লাগানো নয়। চুল পরিষ্কার করা, কন্ডিশনিং, হালকা ম্যাসাজ এবং গরম তোয়ালে দিয়ে স্টিম-এই কয়েকটি ধাপ মিলিয়েই সম্পূর্ণ রুটিন তৈরি হয়।
প্রথমে চুল পরিষ্কার করুন: হেয়ার স্পা শুরু করার আগে মাইল্ড শ্যাম্পু দিয়ে চুল ভাল করে ধুয়ে নিন। এতে চুলে জমে থাকা ধুলো, অতিরিক্ত তেল ও বিভিন্ন হেয়ার প্রোডাক্টের অবশিষ্টাংশ পরিষ্কার হয়ে যাবে। শ্যাম্পু করার পর চুলের অতিরিক্ত জল আলতো করে চেপে বের করুন। তোয়ালে দিয়ে জোরে ঘষবেন না।
চুলে লাগান হেয়ার স্পা ক্রিম: চুল সামান্য ভেজা থাকতেই বড় দাঁতের চিরুনি দিয়ে জট ছাড়িয়ে নিন। এরপর চুল কয়েকটি ভাগ করে প্রতিটি অংশে হেয়ার স্পা ক্রিম বা ডিপ কন্ডিশনিং মাস্ক লাগান। বিশেষ করে চুলের মাঝখান থেকে ডগার দিকে বেশি করে লাগানো উচিত। যাঁদের স্ক্যাল্প তৈলাক্ত, তাঁরা মাথার ত্বকে ভারী প্রোডাক্ট না লাগানোই ভাল। এরপর আঙুলের ডগা দিয়ে কয়েক মিনিট আলতো করে স্ক্যাল্প ম্যাসাজ করুন।
এবার উষ্ণ তোয়ালের পালা: একটি পরিষ্কার তোয়ালে হালকা গরম জলে ভিজিয়ে ভাল করে নিংড়ে চুলে জড়িয়ে নিন। চাইলে তার উপর শাওয়ার ক্যাপ ব্যবহার করতে পারেন। কয়েক মিনিট এভাবে রাখুন। প্রয়োজন হলে এক-দু’বার আবার করতে পারেন। তবে তোয়ালে যেন অতিরিক্ত গরম না হয়।
ডিপ কন্ডিশনিং করুন: এরপর উপযুক্ত হেয়ার মাস্ক লাগিয়ে প্রোডাক্টের নির্দেশ অনুযায়ী কিছুক্ষণ রেখে দিন। বাড়িতে তৈরি মাস্ক ব্যবহার করতে চাইলে দই, মধু বা অ্যাভোকাডোর মতো উপাদান ব্যবহার করা যায়, যদি সেগুলি আপনার স্ক্যাল্পে সহ্য হয়।
শেষে ভাল করে ধুয়ে নিন: হালকা গরম বা ঠান্ডা জল দিয়ে চুল ভাল করে ধুয়ে সমস্ত প্রোডাক্ট তুলে ফেলুন। এরপর আলতো করে তোয়ালে দিয়ে জল শুষে নিয়ে সম্ভব হলে স্বাভাবিকভাবে চুল শুকোতে দিন।
প্রতি সপ্তাহে হেয়ার স্পা করার প্রয়োজন নেই। চুলের ধরন ও স্ক্যাল্পের অবস্থার উপর নির্ভর করে কয়েক সপ্তাহ অন্তর বা মাসে একবার ডিপ কন্ডিশনিং যথেষ্ট হতে পারে। তবে অতিরিক্ত চুল পড়া, স্ক্যাল্পের সমস্যা বা চুলের গুরুতর ক্ষতি থাকলে শুধু হেয়ার স্পার উপর নির্ভর না করে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত।