শহর মেতে উঠেছে পুজোয়। নতুন জামা-জুতো, ভুরিভোজ আর একরাশ আনন্দ নিয়ে আসে দুর্গোৎসব। কিন্তু সেই আনন্দ কি সকলের কাছে পৌঁছয়? শহরগুলো যেমন আলো আর উদযাপনে উজ্জ্বল, দূরবর্তী গ্রামগুলোতে তেমন অনেকেই সেই উৎসবের আনন্দ থেকে দূরে থাকেন। এই ফাঁক পূরণের জন্য গত ১৪ বছর ধরে কলকাতার মহারাজা মনিন্দ্র চন্দ্র কলেজের সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগের পড়ুয়া এবং প্রাক্তন ছাত্রছাত্রীরা একটি মানবিক উদ্যোগ ‘পুজা পরিক্রমা’ চালিয়ে আসছেন। চলতি বছর এর ১৫তম বর্ষপূর্তি।
২৩ সেপ্টেম্বর, মঙ্গলবার, সকাল ১১টায় ‘পুজা পরিক্রমা’ শুরু হয়েছিল। গন্তব্য ছিল পুরুলিয়ার কেন্দায় রাজনোয়াগড় নামে এক ছোট্ট শবর গ্রাম। যেখানে আধুনিকতার ছোঁয়া এখনও পায়নি দৈনন্দিন জীবন। স্থানীয় ২৫০টি শিশু এবং মহিলাদের জন্য নতুন পোশাক এবং শাড়ি কেনা হয়, যা পুরোপুরি এই বিভাগের শিক্ষকেরা এবং শিক্ষার্থীদের অনুদান এবং অন্য বিভাগের শিক্ষকদের উদার সহযোগিতায় এসেছে।
